ইরানে হামলার নিন্দা জানিয়ে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা মধ্যপ্রাচ্যে সাম্রাজ্যবাদী শক্তির হস্তক্ষেপ এবং স্বাধীন রাষ্ট্রের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, ইতিপূর্বে ভেনিজুয়েলায় অজাচিত হামলা হয়েছে। এখন ইরানের উপর হামলা চালানো হয়েছে। সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হয়েছে।

এ আগ্রাসন বিশ্বশান্তির জন্য হুমকি স্বরূপ। তাই বিশ্বশান্তি রক্ষায় মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা এখন সময়ের দাবি। সমাবেশ থেকে বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ইকবাল কবির জাহিদ, জেলা সম্পাদক তসলিম উর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ইসরারুল হক।

এছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।