সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট-আপার্টমেন্ট জব্দের আদেশ

0
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যুক্তরাজ্যে থাকা ৫১৮টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও ফ্ল্যাট জব্দের নির্দেশ দিল আদালত।। ছবি: সংগৃহীত

দুর্নীতি ও অর্থ পাচারের দায়ে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যুক্তরাজ্যে থাকা বিপুল সম্পদের পাহাড় জব্দের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের এই আদেশ দেন। জব্দকৃত এসব সম্পদের ঘোষিত বাজারমূল্য প্রায় ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার পাউন্ড।

আদালত সূত্রে জানা গেছে, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও এনবিআর-এর সমন্বয়ে গঠিত ৯ সদস্যের টাস্কফোর্সের আবেদনের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। গত বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে মামলার ২৩ বস্তা আলামত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চুক্তিপত্র, দলিল ও পেমেন্ট অর্ডার বিশ্লেষণ করে যুক্তরাজ্যে এই বিশাল স্থাবর সম্পদের হদিস পায় তদন্তকারী দল। সম্পদগুলো যাতে অন্য কোথাও হস্তান্তর বা স্থানান্তর করতে না পারেন, সেজন্যই জব্দের এই নির্দেশ। উল্লেখ্য, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন তিনি বিদেশে এই বিপুল সম্পদ গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে।