নড়াইলে বাবা-ছেলেসহ তিনজনকে হত্যার ঘটনায় ৬৯ জনকে আসামি করে মামলা দায়ের

0
নড়াইল সদর থানা। ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়ন-এর বড়কুলা গ্রামে বাবা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যা করার ঘটনায় ৬৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি হিসেবে আরও ৪০–৪৫ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার রাত পৌনে ১২টার দিকে সদর থানায় এটি দায়ের করা হয়। মামলাটি দায়ের করেছেন নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. ওলি মিয়া আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এ পর্যন্ত চারজনকে কুপিয়ে হত্যার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় ধারালো অস্ত্রের কোপে বাবা-ছেলেসহ একপক্ষের তিনজন নিহত হন। অপর পক্ষের একজনও নিহত হয়েছে।