আবুল ইসলাম জুট মিলের এমডি’র বিরুদ্ধে আড়াই কোটি টাকার চেক ডিজঅনার মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আবুল ইসলাম জুট মিলস লিমিটেডের এমডি মাজাহারুল ইসলাম প্রিন্সের বিরুদ্ধে আড়াই কোটির টাকার চেক ডিজঅনারের ঘটনায় আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার সোশ্যাল ইসলামী ব্যাংক যশোর শাখার পক্ষে প্রিন্সিপ্যাল অফিসার আব্দুল আহাদ মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া অভিযোগটি গ্রহণ করে আসামিদের প্রতি সমন ইস্যুর আদেশ দিয়েছেন। মাজাহারুল ইসলাম প্রিন্স ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ গ্রামের মরহুম আবুল ইসলামের ছেলে।
মামলায় উল্লেখ করা হয়েছে, মাজাহারুল ইসলাম প্রিন্স আবুল ইসলাম জুট মিলস লিমিটেডের স্বত্বাধিকারী এবং ব্যবস্থাপনা পরিচালক। তিনি ব্যবসা পরিচালনাকালে জুট মিলের কাঁচামাল ও মেশিনারিজ ক্রয়ের জন্য ২০১৭ সালের ৭ জানুয়ারি থেকে ২০২১ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ পদ্ধতির মাধ্যমে ২৭ কোটি ১৩ লাখ ৯৯ হাজার ৫০২ টাকা ঋণ গ্রহণ করেছিলেন। ওই টাকা মাসিক ও বার্ষিক কিস্তিতে পরিশোধের কথা ছিল । ব্যাংকের লভ্যাংশসহ পাওনা টাকা পরিশোধের জন্য গত ২৯ অক্টোবর আবুল ইসলাম জুট মিলস লিমিটেডের নামে থাকা অ্যাকাউন্টের আড়াই কোটি টাকার একটি চেক দেন মাজাহারুল ইসলাম প্রিন্স। একই দিন চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়। এরপর গত ১ নভেম্বর পত্রিকায় লিগ্যাল নোটিশ দিয়ে ৩০ দিনের মধ্যে চেকে উল্লেখিত টাকা পরিশোধ করে চেকটি ফেরত নেওয়ার জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ তাকে অনুরোধ করে। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিন অতিবাহিত হলেও আসামি মাজাহারুল ইসলাম প্রিন্স ব্যাংকের পাওনা টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে আদালতে এই মামলা করা হয়েছে।