যশোরে হেরোইনের মামলায় ২ ব্যক্তির যাবজ্জীবন

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে হেরোইনের একটি মামলায় দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাড. আনিছুর রহমান পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন ঘিবা গ্রামের ইয়াকুব আলী সরদারের ছেলে শুকুর আলী ও মৃত নঈমুদ্দিন বিশ্বাসের ছেলে জামাল বিশ্বাস। আদালতে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৩ মে শার্শা থানা পুলিশের তৎকালীন এসআই মুরাদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় শার্শা বাজারের যাত্রী ছাউনির সামনে অভিযান চালান। এ সময় সেখান থেকে তিনি শুকুর আলীকে আটক এবং তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৩শ গ্রাম হেরোইন উদ্ধার করেন।

তবে শুকুর আলী ধরা পড়লেও তার সঙ্গী জামাল বিশ্বাস পুলিশের উপস্থিতি টের পেয়ে তার কাছে থাকা ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যান। পুলিশ তার ফেলে যাওয়া ব্যাগ থেকে ২শ গ্রাম হেরোইন উদ্ধার করে। পরে এ ঘটনায় এসআই মুরাদ হোসেন আটক শুকুর আলী ও পলাতক জামাল বিশ্বাসকে আসামি করে শার্শা থানায় মামলা করেন।

পরবর্তীতে মামলার তদন্ত শেষে শুকুর আলী ও জামাল বিশ্বাসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন এসআই সুজাত আলী। আদালতে মামলার বিচার চলাকালীন আটক হন পলাতক জামাল বিশ্বাস।

ওই মামলায় আসামি শুকুর আলী ও জামাল বিশ্বাসের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাদেরকে উল্লিখিত সাজা প্রদান করেন। রায় ঘোষণা শেষে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।