যশোরে ভোলা ট্যাঙ্ক পুকুরে অজ্ঞাত ব্যক্তির পা, এলাকায় আতঙ্ক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের সার্কিট হাউজের সামনে অবস্থিত ঐতিহ্যবাহী ভোলা ট্যাঙ্ক পুকুরে একটি ব্যান্ডেজযুক্ত বিচ্ছিন্ন পা ভাসতে দেখা গেছে এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত তিন দিন ধরে পাটি পুকুরে ভাসতে থাকলেও বুধবার রাত পর্যন্ত সেটি অপসারণ না করায় ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি থেকে সার্কিট হাউজ সংলগ্ন ভোলা ট্যাঙ্ক এলাকায় উৎকট গন্ধ ছড়িয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ী ও ‘রসনা সুইটস’-এর মালিক জলিল হোসেন জানান, দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা পুকুরের পানিতে ব্যান্ডেজ জড়ানো একটি মানুষের বিচ্ছিন্ন পা ভাসতে দেখেন।

বুধবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেওয়া হলে যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে উদ্ধার কাজে কোনো অগ্রগতি হয়নি।

জলিল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “পুলিশ এসে দেখে গেছে, কিন্তু বলেছে এটা পৌরসভার কাজ। পৌরসভাকে জানানো হলেও রাত পর্যন্ত পাটি সরানো হয়নি। দুর্গন্ধে ব্যবসা চালানো বা আশপাশ দিয়ে হাঁটা অসম্ভব হয়ে পড়েছে।”

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, বিষয়টি নিয়ে পৌরসভার সাথে আলোচনা হয়েছে এবং অবশিষ্টাংশ অপসারণের দায়িত্ব তাদেরই।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ জানান, কয়েক দিন আগেও একই পুকুর থেকে একটি পা উদ্ধার করা হয়েছিল। আবারও পা পাওয়া গেছে বলে তিনি শুনেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এটি অপসারণের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।