সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়

0
সকাল ৯টার মধ্যে দপ্তরে হাজিরা বাধ্যতামূলক; আইন মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সরকারি দপ্তরে শৃঙ্খলা ও কাজের গতি ফেরাতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, সকল কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার মধ্যে আবশ্যিকভাবে অফিসে উপস্থিত হতে হবে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, যথাযথ অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা, দেরি করে আসা কিংবা অফিস সময়ের আগে কর্মস্থল ত্যাগ করা এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। বর্তমানে পবিত্র রমজান উপলক্ষে বিকেল সাড়ে ৩টা এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে কেউ অফিস ত্যাগ করতে পারবেন না। বিশেষ জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগীয় প্রধানের অনুমতি নিয়ে নির্দিষ্ট রেজিস্টারে এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম অমান্য করলে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা-২০১৯ এবং শৃঙ্খলা ও আপিল বিধিমালা-২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।