বিদ্যুৎ বিলের ৫ টাকা কম দেওয়া নিয়ে বিবাদে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

0
৫ টাকা বিদ্যুৎ বিল কম দেওয়া নিয়ে তুচ্ছ বিবাদ, বড় ভাইয়ের পিটুনিতে নিহত হলেন ছোট ভাই।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুনের এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এই ভ্রাতৃঘাতী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন (৩৫) গত ১ ফেব্রুয়ারি আবুধাবি থেকে ছুটিতে দেশে ফিরেছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিলের ৫ টাকা নিয়ে আলমগীরের সঙ্গে তাঁর বড় ভাই খোরশেদ আলমের কথা কাটাকাটি হয়। ইফতারের পর আলমগীর স্থানীয় একটি দোকানে চা খেতে গেলে খোরশেদ আলম অতর্কিতে তাঁর ওপর হামলা চালান এবং বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দীর্ঘ প্রবাস জীবন শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে এসে এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।