বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প

0
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে সম্পর্ক আরও গভীর করার বার্তা হোয়াইট হাউসের।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ঐতিহাসিক’ বিজয়ে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে পাঠানো এই অভিনন্দন বার্তায় দুই দেশের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই চিঠির বিষয়টি নিশ্চিত করেছে।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যকার বিদ্যমান বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেন। তিনি উল্লেখ করেন, এই চুক্তির সফল বাস্তবায়ন উভয় দেশের কৃষক ও শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে। পাশাপাশি বাংলাদেশের সামরিক বাহিনীকে অত্যাধুনিক মার্কিন সামরিক সরঞ্জামে সজ্জিত করতে ঝুলে থাকা প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট একটি মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় (ইন্দো-প্যাসিফিক) অঞ্চল গড়ার অভিন্ন লক্ষ্য অর্জনে অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর নিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে। চিঠির শেষে তিনি প্রধানমন্ত্রীর নতুন মেয়াদের সার্বিক সফলতা ও শুভকামনা জানান।