মাগুরার শ্রীপুরে দুপক্ষের সংঘর্ষ, ৩৫টি বাড়ি ভাঙচুর ও লুটপাট

0
ছবি: সংগৃহীত।

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা ॥ মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩৫ টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সোমবার ভোরে ১০ জনকে আটক করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের ইয়াকুব মণ্ডল ও স্থানীয় মাহমুদুল হাসান টিটো সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে রোববার বিকেলে লাঙ্গলবাঁধ বাজার হতে বাড়ি ফেরার সময় চাকদাহ গোরস্থান ব্রিজে নিকট পৌঁছালে ইয়াকুব মণ্ডলের সমর্থক মোফাজ্জল, রইস শেখ, শরিফুল শেখ, হামিদুল শেখ, আহম শেখ মাহমুদুল হাসান টিটোর সমর্থক রাকিব শেখকে ধাওয়া করে।

এ ঘটনার পর রাত ৮ টার দিকে ইয়াকুব মণ্ডলের সমর্থকেরা টিটোর সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় মাহমুদুল হাসান টিটোর সমর্থক হাফিজার হাফিজার, আমিন উদ্দিন, পাঞ্জাব আলী, ওমর, কাসেম, ছাকেন, মিঠু, দুলাল, বক্কার, আকেন, আকমল, কালাম, মকবুল, কুরবান আলী, রুপচাঁদ, ইউসুফ মণ্ডল, জাকিরসহ অন্তত ২০ টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এ সময় মাহমুদুল হাসান টিটোর সমর্থক হামিদা বেগম (২৫) ও সুমি বেগম (৩৫) মারাত্মক আহত হন। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ।

পাল্টা হামলায় মাহমুদুল হাসান টিটোর সমর্থকেরা ইয়াকুব মণ্ডলের সমর্থক মিজানুর রহমান, হাসেম, তারিকুল, নায়েব আলী, নজির, শরিফুল শেখ, জামাল, হান্নান, ইয়াকুব, মিজান, শামসুসহ অন্তত ১৫ টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

ভাঙচুর ও লুটপাটের শিকার মাহমুদুল হাসান টিটোর সমর্থক ওমর আলী বলেন, ইয়াকুব মণ্ডলের সমর্থক মোজাম্মেল, হামিদুল, রইস, রেজাউল, ওহাব, জনি, আকিদুলসহ গ্রামের ২ শ থেকে ৩শ মানুষ এসে আমাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। আমার ছেলের বউকে মেরে ২ পা ভেঙে দিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।

ইয়াকুব মণ্ডলের সমর্থক শরিফুল শেখের স্ত্রী সালমা বেগম বলেন, বাজারে কাকে নাকি দাবাড়াইছে শুনলাম। তারপর দেখি সবাই ঢাল, সড়কি গোছাচ্ছে। পরে আমাদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করে। আমি এ ঘটনার বিচার চাই।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়েছে। কোনপক্ষই এ বিষয়ে অভিযোগ দেয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।