অবশেষে ‘জুলাই জাতীয় সনদ’-এ স্বাক্ষর করছে এনসিপি; আজ সন্ধ্যায় যমুনায় প্রতিনিধিদল

0
জুলাই জাতীয় সনদে সই করতে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাচ্ছে এনসিপি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥  দীর্ঘ প্রতীক্ষার পর ‘জুলাই জাতীয় সনদ’-এ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করতে যাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার সন্ধ্যা ছয়টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দলটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই সনদে স্বাক্ষর করবে। এনসিপি’র পক্ষ থেকে আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদলে থাকছেন সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন ও জহিরুল ইসলাম মূসা। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলোর পক্ষে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পর এনসিপি এই সিদ্ধান্ত নিল। উল্লেখ্য, এনসিপি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সক্রিয় থাকলেও এর আগে কৌশলগত কিছু কারণে সনদে স্বাক্ষর করা থেকে বিরত ছিল।

রাষ্ট্রের মৌলিক সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে তৈরি এই সনদে ইতিমধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ২৫টি দল সই করেছে। সংবিধান-সম্পর্কিত ৪৮টি প্রস্তাবসহ মোট ৮৪টি সংস্কার প্রস্তাব এই সনদের অন্তর্ভুক্ত। এনসিপি’র স্বাক্ষরের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে জাতীয় ঐকমত্য আরও সুসংহত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।