যশোর-২ আসনের সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

0
যশোর-২ আসনের সাবেক এমপি মনিরুর ইসলাম, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনির ও তার স্ত্রী ফারদীনা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি শেষে সোমবার যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এম এম মোর্শেদ এ আদেশ প্রদান করেন। দুদকের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাড. মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপ-পরিচালক মো. সালাহউদ্দিনের আদালতে করা আবেদনে উল্লেখ করা হয়, সাবেক এমপি মনিরুল ইসলাম মনির এবং তার স্ত্রী ফারদীনা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসসন্ধান চলছে। ৩ সদস্য বিশিষ্ট একটি টিম অনুসন্ধান করছে।

অনুসন্ধানকালে গোপন সূত্রের মাধ্যমে জানা যায়, মনিরুল ইসলাম মনির ও তার স্ত্রী ফারদীনা রহমান অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা পালিয়ে গেলে তাদের অভিযোগের সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে বিলম্ব হবে এবং অনুসন্ধান কার্যক্রমে বিঘ্ন ঘটবে। এ কারণে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, মনিরুল ইসলাম মনির ও ফারদীনা রহমান ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ গ্রামের বাসিন্দা।