যশোরে টেলিগ্রাম প্রতারকচক্রের ৮ সদস্যকে আটক করল ঢাকা ডিবি

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের ঘোপ বউবাজার এলাকার একটি ভবন থেকে টেলিগ্রাম প্রতারকচক্রের ৮ সদস্যকে আটক করেছে ঢাকার ডিবি পুলিশ। গত মঙ্গলবার যশোর কোতয়ালি থানা পুলিশের সহায়তায় ঢাকার ডিবি পুলিশ তাদেরকে আটক করে। কিন্তু তাদের পরিচয় এখনো জানা যায়নি। তবে অভিযানের পর থেকে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, ঘোপ বউবাজার এলাকার একটি গলির প্রায় শেষ মাথায় নাজিম উদ্দিন নামে এক ব্যক্তির ৩ তলা একটি ভবন রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ওই ভবনকে ঘিরে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘোরাঘুরি করতে থাকে।

এরপর বিকেলে ডিবি পুলিশ ও কোতয়ালি থানার পুলিশ ওই ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮ জনকে ধরে নিয়ে যায়। তবে আটক ব্যক্তিদের স্থানীয় কেউ চেনেন না।

ভবন দেখভালের দায়িত্বে থাকা রিকশাচালক কেদু জানান, বাড়ির মালিক যুব উন্নয়নে চাকরি করেন এবং ঢাকায় থাকেন। ১ বছর আগে মালিকের কাছ থেকে দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন ওই ব্যক্তিরা। তিনি তাদের নাম জানেন না। তারা কী কাজ করেন তাও জানেন না। তবে মাস শেষে তাদের কাছ থেকে ভাড়া নিয়ে ঢাকায় মালিকের কাছে পাঠিয়ে দিতেন।

এ বিষয়ে ভবন মালিক নাজিম উদ্দিন মোবাইল ফোনে জানান, ৬ মাস আগে ৮ ব্যক্তি তার কাছ থেকে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। তারা নিজেদেরকে ফ্রিল্যান্সার হিসেবে পরিচয় দিয়েছিলেন। এক প্রশ্নের জবাবে নাজিম উদ্দিন বলেন, ভাড়াটিয়াদের কারও নাম বা পরিচয় তিনি জানেন না।

কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানানন. ডিবি পুলিশের ঢাকার হেড কোয়ার্টার থেকে একটি স্পেশাল টিম যশোরে অভিযানে আসে। এ সময় কোতয়ালি থানার পুলিশ তাদের সহযোগিতা করে। অভিযানে ওই ভবন থেকে ৮ জনকে আটক করে এবং তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তবে কেনো তাদেরকে আটক করা হয়েছে সেই বিষয়ে যশোরের পুলিশকে কিছুই জানানো হয়নি। এটি ছিলো ঢাকা ডিবি পুলিশের একটি স্পেশাল অভিযান।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ওই অভিযানে অংশ নেওয়া ঢাকা হেড কোয়ার্টার ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, আটকরা টেলিগ্রাম প্রতারকচক্রের সদস্যরা। তারা মানুষকে নানা প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়। তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের শনাক্ত করার পর আটক করা হয়। এ বিষয়ে তাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে আটকদের নাম পরিচয় জানাতে অপরাগতা প্রকাশ করেন ডিবি পুলিশের ওই কর্মকর্তা।