গাইবান্ধা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মোটরসাইকেলে আগুন, আহত- ২

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের সমর্থকদের চারটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় তার দুইকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার রাতে সাঘাটা উপজেলার কচুয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ জানান, মঙ্গলবার রাত আটটার দিকে তার কর্মী কচুয়া এলাকার বাসিন্দা নুরুজ্জামান সরদারের বাড়িতে প্রবেশ করে তিনটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়। একই রাতে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে একই উপজেলার ভন্নতের বাজার এলাকায় তার আরেক কর্মী আবু শাহিসহ কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটে।

এতে আবু শাহীসহ দুইজন আহত হন। পরে শাহীর ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে স্থানীয়রা তাদের সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

এসব বিষয় সাঘাটা থানার ওসি মাহাবুব আলম জানান, পুড়ে যাওয়া মোটরসাইকেল গুলো জব্দ করা হয়েছে। পূর্বের হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতের হামলার ঘটনার তদন্ত চলছে।