ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা জনগণের সঙ্গে ধোঁকাবাজি: সালাহউদ্দিন আহমদ

0
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এখন একটি দল ভোটের রাজনীতিতে মিথ্যাচার করছে। তাদের ভোট দিলে মরলে পরে জান্নাত পাবে বলে ধোঁকাবাজি করছে। তাদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় চকরিয়ার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ধানের শীষের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির কর্মসূচি, বিএনপির পরিকল্পনা এবং রাষ্ট্র চিন্তা যদি দেশবাসী পছন্দ করে তাহলে অবশ্যই তারা এবারের নির্বাচনে বিএনপিকে ভোট দেবে। অন্য যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করছে তারাও তাদের কর্মসূচি, পরিকল্পনা প্রকাশ করবে। জনগণ তাদেরটা পছন্দ করলে তাদেরকে ভোট দেবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। রাজনীতিতে এমনটাই হওয়া উচিত।

আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় হবে উল্লেখ করে তিনি আরও বলেন, মহান আল্লাহর রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির ভূমিধস বিজয় হবে। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বিএনপি এমন একটা সরকার পরিচালনা করবে; যে সরকারের মালিক হবে দেশের সকল মানুষ।