কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন সাংবাদিক আনিস আলমগীর

0
আনিস আলমগীর, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আদালতে গ্রেপ্তার দেখানোর পর কাঁদলেন আলোচিত সাংবাদিক আনিস আলমগীর। বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী নাজনীন নাহার।

এ সময় আইনজীবী নাজনীন নাহার সান্ত্বনা দিয়ে আনিস আলমগীরকে বলেন, আপনি শক্ত হন, এসব মিথ্যা মামলা। কিন্তু আপনাকে শক্ত হতে হবে। আপনি যদি শক্ত না হন তাহলে পরিবারও ভেঙে পড়বে। পরে তাকে কাঠগড়া থেকে ঢাকা মহানগর হাজত খানায় নিয়ে যাওয়া হয়।

সকালে লাল জ্যাকেট পরে আদালতে হাজির হন আনিস আলমগীর। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। এর প্রায় এক ঘণ্টা পর দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ২৫ জানুয়ারি সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে থাকা আনিস আলমগীরের বিরুদ্ধে দুদকের নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান এ আবেদন করেন। এ বিষয়ে শুনানির জন্য বুধবার তারিখ ধার্য করা হয়। বর্তমানে তিনি উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে আটক আছেন।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।