রোজার আগেই দায়িত্ব হস্তান্তর করতে চায়: ইউনূসের নেতৃত্বাধীন সরকার

0
ড. মুহাম্মদ ইউনূস, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চার থেকে পাঁচ দিনের মধ্যেই নতুন সরকারের শপথ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে অন্তর্বর্তী সরকার। রোজার আগে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করতে চায়। মন্ত্রিপরিষদ বিভাগ, সংসদ সচিবালয় ও বঙ্গভবনকে এজন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বঙ্গভবন, প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সংসদ সচিবালয়, গণপূর্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট দপ্তরগুলো জানায়, সংসদ সদস্যদের শপথ, নতুন সরকারের শপথ ও দায়িত্ব হস্তান্তর নিয়ে একাধিক বৈঠক হয়েছে। কর্মকর্তারা সংসদ সচিবালয় ও গণভবন পরিদর্শন করে শপথ নেওয়ার প্রস্তুতি পরীক্ষা করেছেন।

১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। নতুন কোনো পরিস্থিতি তৈরি না হলে ১৩ বা ১৪ ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশ হতে পারে। এরপর ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে শপথের তারিখ নির্ধারণ করা হবে। ১৭ ফেব্রুয়ারিকেই জোর দেওয়া হচ্ছে। এছাড়া নতুন প্রধানমন্ত্রীর জন্য চারটি বিকল্প বাসভবন নিয়ে আলোচনা চললেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অতিথিদের আসা-যাওয়া, প্রটোকল ও নিরাপত্তার দায়িত্ব পালন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির সামরিক বিভাগ শপথ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে বলে রাষ্ট্রপতির কার্যালয়ের এক কর্মকর্তা জানান।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার পর সংসদ ভবনের যে ক্ষতি হয়েছিল, তা সংস্কার করা হয়েছে। এখন অধিবেশন পরিচালনায় কোনো বাধা নেই। এমপি হোস্টেল, ন্যাম ভবন এবং স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনও সংস্কার করা হয়েছে। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা বলেন, জাতীয় সংসদ ভবন এখন পুরোপুরি প্রস্তুত।

নবনির্বাচিত প্রধানমন্ত্রীর বাসভবন নির্বাচনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলামকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি চারটি ভবন পরিদর্শন করেছে।

গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর বসবাসের উপযোগী করে একাধিক বাড়ি প্রস্তুত রাখা হয়েছে। নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।