নির্বাচনের আগের দিন সাধারণ ছুটি, ফলে ছুটি থাকছে টানা চার দিন

0
নির্বাচনের আগের দিনও সাধারণ ছুটি; টানা ৪ দিনের ছুটিতে দেশ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিনের সাধারণ ছুটি থাকছে। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচনের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন আগে থেকেই সাধারণ ছুটি নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্তে ১১ ফেব্রুয়ারি যুক্ত হওয়ায় এবং পরবর্তীতে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন সরকারি ছুটি উপভোগ করবেন দেশবাসী।

প্রেস সচিব আরও জানান, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি দেশের সকল শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের জন্য সাধারণ ছুটি অনুমোদন করা হয়েছে। ফলে শিল্প খাতের শ্রমিকেরা সাপ্তাহিক ছুটি বাদে টানা তিন দিন এবং সাধারণ নাগরিকরা টানা চার দিনের ছুটি পাচ্ছেন।