যশোরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ যশোরে গত এক বছরে সরকারি আইনি সহায়তা কার্যক্রম বা লিগ্যাল এইডের মাধ্যমে ৯১৩ জন বিচারপ্রার্থীকে সরাসরি আইনগত সহায়তা প্রদান করা হয়েছে। একই সময়ে ১ হাজার ২২০ জনকে আইনি পরামর্শ এবং আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে ৩৪৮টি বিরোধের সফল মীমাংসা করেছে জেলা লিগ্যাল এইড কমিটি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

সকালে যশোর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে কবুতর ও বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মাহমুদা খানম। এরপর র‍্যালি বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে জেলা লিগ্যাল এইড অফিসার নিশাত সুলতানার স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় জানানো হয়, গত এক বছরে লিগ্যাল এইডের মধ্যস্থতায় বিরোধ মীমাংসার মাধ্যমে বিচারপ্রার্থীদের ১৫ কোটি ৫০ লাখ ৬ হাজার ৩০০ টাকা আদায় করে দেওয়া সম্ভব হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে ২৪৮টি উঠান বৈঠক ও প্রচারণা সভা সম্পন্ন করেছে কমিটি।

কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে হাবিবুর রহমান (পুরুষ) এবং কামরুন নাহার কনাকে (নারী) পুরস্কৃত করা হয়।

সভায় বক্তারা বলেন, সাধারণ ও প্রান্তিক মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইনি সহায়তা একটি বৈপ্লবিক পদক্ষেপ। মামলা-জট কমাতে এবং দ্রুত ও সাশ্রয়ী উপায়ে বিরোধ নিষ্পত্তিতে লিগ্যাল এইড অফিস কার্যকর ভূমিকা রাখছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আতাউর রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সভায় বক্তব্য প্রদান করেন। এছাড়া জুলাই আন্দোলনে শহীদ সোহানুর রহমান শিহাবের মাসহ সুবিধাভোগী বিচারপ্রার্থীরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।