১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই নির্বাচন, আজ রাত থেকে ব্যালট ছাপা শুরু

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন হবে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে প্রেসসচিব বলেন, ‘পাবনা-১ ও পাবনা-২ নিয়ে সৃষ্ট জটিলতা দূর হয়েছে। তাই ৩০০ আসনেই নির্বাচন হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন হবে। বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে। ’

শফিকুল আলম বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের জরুরি বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। এতে নির্বাচনের নিরাপত্তা পর্যালোচনা করা হয়েছে।

প্রেস সচিব আরও বলেন, বডি ওর্ন ক্যামেরার ছবি পেয়ে কুইক রেপন্স করা হবে। ২৫ হাজার ৫০০ বডি ওর্ন ক‍্যাম থাকবে পুলিশের কাছে। এর ফুটেজ সুরক্ষা অ‍্যাপে যুক্ত হবে, যা দেখে কুইক রেসপন্স নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ভোটের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা রিটার্নিং কর্মকর্তার অধীনে সমন্বয় করে কাজ করবেন। এ সময় দেড় লাখ পুলিশ, ১ লাখ সেনা সদস্য, নৌ বাহিনীর ৫ হাজার, বিমান বাহিনীর ৩ হাজার ৭০০ সদস্য, ৫ লাখ ৭৬ হাজার আনসার সদস্য, বিজিবির ৩৮ হাজার সদস্য, র‍্যাবের প্রায় ৮ হাজার ও ফায়ার সার্ভিস ১৩ হাজার ৩৯০ জন সদস্য থাকবে। আরও থাকবে ৫০০ ড্রোন।