মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেপ্তার ৩

0
স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা মামলায় গ্রেপ্তারকৃত প্রধান শুটার জিনাত ও পরিকল্পনাকারী বিল্লাল ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানী ঢাকার কারওয়ান বাজার সংলগ্ন তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির (৪৫) হত্যাকাণ্ডের প্রধান শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে এই হত্যাকাণ্ডের প্রধান শুটার জিনাত এবং পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত বিল্লাল রয়েছেন। অপর গ্রেপ্তারকৃত ব্যক্তি তাদের সহযোগী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ডিবির একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতকদের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

উল্লেখ্য, গত বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তেজতুরী বাজার স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীরা মুছাব্বিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মুছাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।