৩৫ জেলায় নিপাহ ভাইরাস শনাক্ত, হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ

0
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে সংগৃহীত ছবি

লোকসমাজ ডেস্ক ॥ শীতের মৌসুম শুরুর সঙ্গে সঙ্গেই দেশে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, দেশের ৬৪টি জেলার মধ্যে ইতোমধ্যে ৩৫টিতেই এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট জেলাগুলোর হাসপাতালগুলোতে জরুরি প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) আইইডিসিআর মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, গত ২০২৪ সালে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জন এবং ২০২৫ সালে ৪ জন মৃত্যুবরণ করেছেন।

সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাট জেলা। এ ছাড়া প্রথমবারের মতো উপকূলীয় জেলা ভোলায় নিপাহ রোগী শনাক্ত হওয়াকে বড় ধরনের বিপদের সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, নিপাহ ভাইরাসের কোনো কার্যকর টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা না থাকায় প্রতিরোধই একমাত্র উপায়। সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই ভাইরাসের মৌসুম ধরা হলেও গত বছর আগস্টেও রোগী পাওয়ায় ধারণা করা হচ্ছে খেজুরের কাঁচা রস ছাড়াও সংক্রমণের অন্য কোনো উৎস থাকতে পারে। জ্বর, মাথাব্যথা, শ্বাসকষ্ট ও অসংলগ্ন আচরণের মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।