বিএনপি অফিসে হামলা: সাবেক কাউন্সিলর মিলনসহ দুইজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

0
টাক মিলন ও মাসুদ

লোকসমাজ ডেস্ক ॥ যশোর জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় সাবেক পৌর কাউন্সিলর জাহিদ হোসেন ওরফে টাক মিলন ও তার সহযোগী মাসুদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আছাদুল ইসলাম এ আদেশ প্রদান করেন।

আসামি জাহিদ হোসেন মিলন যশোর শহরের পুরাতন কসবা এলাকার শেখ রুস্তম আলীর ছেলে এবং সাবেক পৌর কাউন্সিলর। অপর আসামি মাসুদ বেনাপোল উপজেলার কাগমারি গ্রামের শহীদুল্লাহ খানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যশোর শহরের লালদীঘি পাড়ে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়টিতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনায় দায়েরকৃত মামলায় জাহিদ হোসেন মিলনকে অন্যতম প্রধান আসামি করা হয়।

গ্রেপ্তার ও আইনি প্রক্রিয়া: ঘটনার পর থেকে মিলন ও তার সহযোগীরা আত্মগোপনে ছিলেন। গত ১৯ ডিসেম্বর ঢাকা থেকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের আটক করে। ২০ ডিসেম্বর তাদের আদালতে সোপর্দ করা হয়।

পরবর্তীতে ২১ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামিদের প্রত্যেককে এক দিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।