জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তিতে অধ্যাদেশ জারির সিদ্ধান্ত

0
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সভাপতিত্ব করছেন উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-শ্রমিক-জনতার আইনি সুরক্ষা নিশ্চিত করতে বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থানের সময় সংঘটিত কর্মকাণ্ডের জন্য ‘জুলাইযোদ্ধা’দের দায়মুক্তি দিতে একটি নতুন অধ্যাদেশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আইন মন্ত্রণালয়কে দ্রুততম সময়ের মধ্যে অধ্যাদেশের খসড়া প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের আদলেই ২০২৪ সালের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অভ্যুত্থানকালীন কর্মকাণ্ডের জন্য এই বিশেষ সুরক্ষা দেওয়া হবে। সম্প্রতি জুলাইযোদ্ধা পরিচয়ে তাহরিমা জান্নাত সুরভী এবং হবিগঞ্জের মাহদী হাসান গ্রেপ্তার হওয়ার প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই দায়মুক্তির দাবি জোরালো হয়। সরকার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আইনি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে।

সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের আরও জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে এবং আগামীকাল বুধবারই আদালতে চার্জশিট দাখিল করা হবে। এ ছাড়াও বৈঠকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি, পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের সিদ্ধান্ত হয়েছে।