বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

0
অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে যশোর জেলা ছাত্রদলের শোক ও প্রার্থনা কর্মসূচির একাংশ ।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার।। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শহরের চার খাম্বার মোড় সংলগ্ন আব্দুস সামাদ মেমোরিয়াল স্কুল মাঠে জেলা ছাত্রদলের উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। আজ আমরা আমাদের প্রিয় অভিভাবককে হারিয়ে শোকাতুর। তবে তাঁর আদর্শ ও আপসহীন দেশপ্রেম প্রতিটি ছাত্রদলের কর্মীর হৃদয়ে বেঁচে থাকবে। তাঁর স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

স্কুল মাঠে আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।