যশোর জেলা সাব রেজিস্ট্রি অফিসের পুরোনো ভবনে আগুন, পুড়েছে বালাম বই

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা সাব রেজিস্ট্রি অফিসের শত বছরের পুরোনো ভবনে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে সেখানে রক্ষিত বালাম বই। বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে এ আগুন লাগে।

তবে এ ভবনে কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি। ভবনের সাথে রয়েছে আলমগীর নামে এক ব্যক্তির চায়ের দোকান। তিনিও বলতে পারেননি কিভাবে আগুন লেগেছে।

জেলা রেজিস্ট্রি অফিস মসজিদের মুয়াজ্জিন মাওলানা মাসুম বিল্লাহ জানিয়েছেন রাত সোয়া ৯টার দিকে তিনি ওই ভবন থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভান।

যশোর ফায়ার সার্ভিসে স্টেশন অফিসার মোহাম্মদ ফিরোজ আহমেদ জানিয়েছেন, টেলিফোনে তিনি সংবাদ পান জেলা সাব রেজিস্ট্রি অফিসের গুদামে আগুন লেগেছে। তিনি তার দমকলবাহিনীর দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে হাজির হন এবং আগুন নেভান।

রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সেনাবাহিনীও ঘটনাস্থলে উপস্থিত হয়।