ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন আরশাদুর রউফ

0
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ।

লোকসমাজ ডেস্ক ॥ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ আরশাদুর রউফকে অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে গত ২৭ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

এর আগে গত ৫ নভেম্বর মো. আসাদুজ্জামান ঘোষণা দিয়েছিলেন যে, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ওই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগের প্রেক্ষিতেই শূন্য হওয়া এই গুরুত্বপূর্ণ পদে আরশাদুর রউফকে দায়িত্ব দেওয়া হলো।

গত ১৩ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ আরশাদুর রউফসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছিলেন। ওই সময়ে নিয়োগ পাওয়া অন্য দুই কর্মকর্তা হলেন মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা ও মোহাম্মদ অনীক রুশদ হক (অনীক আর হক)। তখন থেকেই তারা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হলো। এর পর থেকে তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।