নওয়াপাড়ায় গভীর রাতে অগ্নিকাণ্ডে ৩৫টি দোকান ভস্মীভূত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, অভয়নগর, (যশোর)॥ যশোরের নওয়াপাড়া শিল্পশহরের কাঠপট্টিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে এই আগুনের সূত্রপাত। এতে প্রায় ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাত ২টার দিকে নওয়াপাড়া বাজারের কাঠপট্টিতে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নওয়াপাড়া ও ফুলতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আড়াই ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের সময় নিরাপত্তার খাতিরে পুরো বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত না হওয়া গেলেও ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা পাশের ফানুস তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

বাজারের ব্যবসায়ীরা জানান, পুড়ে যাওয়া দোকানগুলোতে প্রচুর পরিমাণে সাইজ কাঠ ও মূল্যবান আসবাবপত্র মজুত ছিলো। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দিপু।