শিশু মৃত্যুর পর কেশবপুরে ক্লিনিক বন্ধের নির্দেশ ইউএনও’র

0
ছবি: সংগৃহীত।

জয়দেব চক্রবর্তী, কেশবপুর (যশোর)॥ দৈনিক লোকসমাজে বিদেশে থাকা চিকিৎসকের পরামর্শে নার্সের চিকিৎসায় শিশুর মৃত্যু শিরোনামে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন নড়ে বসেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়াসহ বিভিন্ন অনিয়মের চিত্র ধরা পড়ায় তিনি ক্লিনিকের সব কার্যক্রম বন্ধ রাখা ও সাইনবোর্ড খুলে ফেলার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাংবাদিকদের বলেন,শিশুটির মৃত্যুর ঘটনায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সাইনবোর্ডে হাসপাতাল ব্যবহার করা যাবে না।

বুধবার কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল নামের ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় আরিয়ান নামে আট মাসের একটি শিশুর মৃত্যু হয়। রাশিয়া থেকে ডাক্তার কামরুল ইসলাম পরামর্শ দেন। সে পরামর্শে চিকিৎসা দেন নার্স মারিয়া ইয়াসমিন। এক পর্যায়ে মারা যায় শিশুটি।