ভাইয়ের সাথে বিরোধে ভাতিজার পেয়ারা বাগান কেটে দিলেন চাচা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় ভাইয়ের সাথে জমির বিরোধে ভাতিজার ১০ কাঠা জমির পেয়ারা গাছ কেঠে নষ্ট করে দিয়েছেন মোফাজ্জেল হোসেন। বৃহস্পতিবার সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের আরজি সুলতানপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ভাতিজা পিন্টু মিয়া চাচাকে অভিযুক্ত করে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার দেবীপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে পিন্টু মিয়া (৩৭) ১০ কাঠা জমিতে পেয়ারার চাষ করেন। ইতোমধ্যে ওই বাগান হতে তিনি পেয়ারা বিক্রিও শুরু করেছেন।

বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে একই গ্রামের মোফাজ্জেল হোসেন জমির সমুদয় পেয়ারা গাছ ধারালো দা দিয়ে কেটে সাবাড় করে দিয়েছেন। খবর পেয়ে পেয়ারা চাষি পিন্টু মিয়া ছুটে যান জমিতে।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, দেবীপুর গ্রামের মৃত মিনাজ উদ্দিন মণ্ডলের ছেলে মোফাজ্জেল হোসেনের সাথে তার আপন ভাই রবিউল ইসলামের জমির বাটোয়ারা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে। রবিউল ইসলাম বিষয়টি আপস মীমাংসা করতে চাইলেও মোফাজ্জেল হোসেন নারাজ। এরই মধ্যে রবিউল ইসলামের ছেলে পিন্টু মিয়া বাবার কাছ থেকে ১০ কাঠা জমি নিয়ে সেখানে পেয়ারা চাষ করেন এবং বাম্পার ফলন আসে।

জমি ভাগবন্টনের সূত্র ধরে পিন্টুর চাচা মোফাজ্জেল হোসেন বৃহস্পতিবার সকালে ওই পেয়ারা বাগানে গিয়ে সব গাছ কেটে দেন।

এ বিষয়ে অভিযুক্ত মোফাজ্জেল হোসেনের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ভুক্তভোগী কৃষক পিন্টু মিয়া বলেন, ‘মোফাজ্জেল হোসেন আমার আপন চাচা। বাবার সাথে জায়গা জমি নিয়ে তার বিরোধ। কিন্তু তিনি আমার ১০ কাঠা পেয়ারা বাগান কেটে নষ্ট করে দিয়েছেন। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ করেছি।’

থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, একটি আবেদন পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।