ফরিদপুরে ব্রিজের নিচ থেকে মুখে স্কচটেপ ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নে ঢাকা–বরিশাল মহাসড়কের নারানখালী ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে খবর পেয়ে ওই এলাকার একটি ডোবা থেকে মুখে স্কচটেপ ও হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রাম পুলিশের কাছ থেকে সকালে খবর পেয়ে থানা পুলিশ প্রথমে ঘটনাস্থলে এসে পৌছায়। পরে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, ধারণা করা হচ্ছে অন্য কোথাও থেকে এই ব্যক্তির মরদেহ এখানে এনে ফেলা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।