যশোরে উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক বিতরণ: নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

0

স্টাফ রিপোর্টার ॥ নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে মেতেছে যশোরের শিক্ষার্থীরা। দেশব্যাপী ‘বই উৎসবের’ অংশ হিসেবে আজ ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার যশোরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়েছে।

সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বছরের প্রথম দিনে রঙিন নতুন বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বইয়ের পাতা উল্টে দেখতে এবং ঘ্রাণ নিতে দেখা যায়।

​শহরের অন্যতম বিদ্যাপীঠ যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ আব্দুল হান্নান তৃতীয় শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন।

​বই বিতরণকালে অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ আব্দুল হান্নান বলেন, “বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। নতুন বই শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি আগ্রহী ও মনোযোগী করে তুলবে।”

​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হচ্ছে।