১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

0
জুমার নামাজ শেষে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করছেন তারেক রহমান ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পরদিনেই ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৮ বছর পর আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। এরপর তিনি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সর্বশেষ ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছিলেন তারেক রহমান। দীর্ঘ প্রায় দুই দশক পর আজ আবারও সেখানে দোয়া ও মোনাজাত করেন তিনি। মাজার জিয়ারত শেষে তিনি লাল-সবুজ রঙের বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সাভারের পথে রওনা হন। প্রিয় নেতাকে একনজর দেখতে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছেন।

সাভার জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গণপূর্ত অধিদপ্তর। স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, স্মৃতিসৌধ এলাকায় ৫০ হাজারেরও বেশি মানুষের সমাগম হতে পারে। নিরাপত্তা নিশ্চিত করতে সাভার ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র‍্যাব এবং বিজিবি মোতায়েন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরার পর বিমানবন্দর এলাকায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় তাঁকে। বিকেলে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনায় তিনি একটি নিরাপদ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।