জমিয়তকে আসন ছাড়ল বিএনপি, স্বতন্ত্র হিসেবে লড়বেন রুমিনসহ বিএনপির তিনজন

0
সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবী ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনটি মিত্র দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান।

এখানে ধানের শীষের পরিবর্তে জোটের প্রার্থী হিসেবে ‘খেজুরগাছ’ প্রতীক নিয়ে লড়বেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

তবে কেন্দ্রের এই সিদ্ধান্ত মানতে নারাজ স্থানীয় বিএনপির একটি বড় অংশ। আসনটিতে ধানের শীষের অন্যতম দাবিদার ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

রুমিন ফারহানা জানান, বুধবার তাঁর পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হবে। শুধু রুমিন নন, জেলা বিএনপির সদস্য এস এন তরুণ দে ও আক্তার হোসেনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, এই আসনটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বিগত ছয়টি নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই এখানে জয়লাভ করেছে বিএনপি। এবার জোটের প্রার্থীকে সমর্থন দেওয়ায় তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সরাইল উপজেলা যুবদলের নেতৃবৃন্দ আশঙ্কা করছেন, জনপ্রিয় নেত্রী রুমিন ফারহানাসহ দলের তিন হেভিওয়েট নেতা বিদ্রোহী হিসেবে মাঠে থাকলে জোটের প্রার্থীর জন্য বিজয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

তবে সরাইল উপজেলা বিএনপি সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর সবাইকে দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।