যশোরে বিজয় উৎসব: শ্রদ্ধাঞ্জলি ও বর্ণাঢ্য কুচকাওয়াজে বীর শহীদদের স্মরণ

0

নিজস্ব প্রতিবেদক, যশোর: উৎসবমুখর পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথে মনিহার চত্বর বিজয়স্তম্ভে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। জেলা আনসার কমান্ড্যান্ট ও বীর মুক্তিযোদ্ধারাও এ সময় উপস্থিত ছিলেন।

শামস উল হুদা স্টেডিয়ামে কুচকাওয়াজ: সকাল ৮টা ৫০ মিনিটে শহরের শামস উল হুদা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যদের সুশৃঙ্খল মার্চপাস্ট ও নান্দনিক শারীরিক কসরত দর্শকদের মুগ্ধ করে। জেলা প্রশাসক মোঃ আশেক হাসান কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। এ সময় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ঢল: সকাল ৯টা থেকে মনিহার বিজয়স্তম্ভে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। বিএনপি কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল বহর শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়া বিপ্লবী কমিউনিস্ট লীগ, জাসদ, বাসদ, মাওলানা ভাসানী পরিষদসহ প্রেসক্লাব যশোর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সিভিল সার্জন অফিস, যশোর ২৫০ শয্যা হাসপাতাল, ড্যাব, ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটি ও নার্সেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, চব্বিশের নতুন আবহে এবারের বিজয় দিবস দেশপ্রেম ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন উদ্দীপনা জোগাবে।