যশোর জেলা জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী’র যশোর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখের, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যশোর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মো. মোসলেহ উদ্দীন ফরিদ।

আলোচনায় নেতৃবৃন্দ বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাস মানুষকে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। দেশ ও জাতির কল্যাণে সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, রমজান ব্যক্তি ও সমাজজীবনে শুদ্ধতার বার্তা নিয়ে আসে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। ইসলামী মূল্যবোধ চর্চার মাধ্যমে দুর্নীতি ও অনিয়মমুক্ত সমাজ গঠনের আহ্বানও জানান নেতৃবৃন্দ।

এ সময় যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।