সিঙ্গাপুরে অবতরণ করেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

0
সিঙ্গাপুরে পৌঁছালেন গুলিবিদ্ধ হাদি: সেলেতার বিমানবন্দরে অবতরণ করলো এয়ার অ্যাম্বুলেন্স ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে নিরাপদে অবতরণ করেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। স্থানীয় সময় তখন সন্ধ্যা ৭টা ৫০ মিনিট। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে শরিফ ওসমান হাদিকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (Singapore General Hospital) নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তাঁর জরুরি চিকিৎসা শুরু হবে।

এর আগে গুরুতর আহত অবস্থায় তাঁকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। দুপুর ১টা ৫৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছিল।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। হামলার পরপরই তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।