বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

0

লোকসমাজ ডেস্ক ॥ দীর্ঘ তিন মাস পর ভারত থেকে আবার পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে পেঁয়াজের প্রথম চালান প্রবেশ করেছে।

আমদানিকারক প্রতিষ্ঠান হল সাতক্ষীরার মেসার্স এইচ কে এ এন্টারপ্রাইজ ও যশোরের মেসার্স সাবাহ এন্টারপ্রাইজ। রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল জানান, প্রথম চালানে তিনটি ট্রাকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। এর আগে সেপ্টেম্বর মাসে মাত্র ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

আমদানি খবরে বাজারে পেঁয়াজের দাম কমে আসার আশা করছেন সাধারণ ক্রেতারা। বেনাপোল কাঁচাবাজারে দেখা গেছে, দেশি মুড়ি কাটা পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ১০৫ টাকা এবং দেশি পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, বাণিজ্য মন্ত্রণালয় ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। তবে এটি অল্প পরিসরে হচ্ছে; প্রতিদিন ২০০ জন আমদানিকারক আইপি পাবেন এবং একজন ৩০-৬০ টন পেঁয়াজ আমদানি করতে পারবেন।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, আমদানি করা পেঁয়াজ দ্রুত খালাস করতে ব্যবসায়ীদের সুবিধার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।