সাড়াতলায় জমি নিয়ে বিরোধে একজন আহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে শরিফুল ইসলাম (৪৫) নামে একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত মো. শরিফুল ইসলাম সাড়াপোল গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র। তার স্ত্রী তানিয়া খাতুন জানিয়েছেন, এ দিন দুপুর আড়াইটার দিকে তার স্বামী নিজ ঘরে ছিলেন। এ সময় আব্দুল খালেক, রফিকুল ইসলাম, মনির ও শিমুলসহ ১০/১২ জনের একদল লোক তাদের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং শরিফুলকে চাপাতি দিয়ে কোপায়। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় শরিফুলকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তানিয়া খাতুন আরও জানান, মূলত জমিজমা নিয়েই এই গোলযোগ। শরিফুলের প্রাপ্য জমির ভেতরে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে এই বিরোধ চলছিল। তার ভাই রফিকুলের ছেলে মনির জমি বিক্রি করলে শরিফুল সেই জমি কিনতে চাইলেও তাকে তা দেওয়া হয়নি। এই গোলযোগের জের ধরেই সন্ত্রাসীরা নিজ বাড়িতে হামলা চালিয়ে চাপাতি দিয়ে শরিফুলের মাথায় আঘাত করে।