ঢাকায় গুলিবিদ্ধ, গ্রামে বাড়িতে চুরি: শরিফ ওসমান হাদির নলছিটির বাড়িতে দুর্বৃত্তের হানা

0
ঢাকায় গুলিবিদ্ধ হাদি, এবার গ্রামে তাঁর বাড়িতে চুরির ঘটনা ।। ছবি সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত তাঁর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরিফুল আলম জানান, চুরির ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। সবাই ঢাকায় চিকিৎসাধীন হাদীর পাশে থাকার জন্য রওনা হয়েছিলেন। প্রাথমিক ধারণা, চোরেরা জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

প্রতিবেশী গোলাম কিবরিয়া রিয়াজ জানান, ভোররাতে ফজরের নামাজের উদ্দেশ্যে বের হয়ে তিনি শরীফ ওসমান হাদির বাড়ির পেছনে দুজনকে দেখতে পান। সন্দেহ হলে তাদের দাঁড়াতে বললে তারা দৌড়ে পালিয়ে যায়।

এদিকে সকালে বাসা দেখাশোনার দায়িত্বে থাকা প্রতিবেশী জান্নাতি আক্তার বাড়ির সামনে একটি গামছায় মোড়ানো টাকা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁর বোন ফাতেমা বেগম ঘরে ঢুকে দেখতে পান একটি আলমারি ভাঙা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আলমারিতে থাকা নগদ টাকা চোরেরা নিয়ে গেছে।

শরীফ ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে এই ঘটনা ঘটেছে। কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তা এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে মোটরসাইকেল আরোহী আততায়ীর গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা এখনো সংকটাপন্ন।