খেলাধুলায় রাজনৈতিক বিভাজন দূর করার আহ্বান

যশোরে সাবেক ফুটবলারদের মিলনমেলা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের সাবেক ফুটবলারদের উদ্যোগে এবং সোনালী অতীত ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের একটি রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, যশোরে দীর্ঘ সময় কোনো খেলাধুলা ছিল না। অল্প কিছুদিন হলো বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এই রাজনৈতিক দল চব্বিশের ৫ আগস্টের পর নিজস্ব উদ্যোগে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করে। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে বিএনপি সেই খেলায় বিপুল দর্শক সমাগম ঘটাতে সক্ষম হয়। বহু দিন পর আনন্দঘন পরিবেশে যশোরে খেলাধুলা অনুষ্ঠিত হয়েছিল। আমি আশা করব, এই রাজনৈতিক দল বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে খেলাধুলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমানে বাফুফের সভাপতি নিজেও একজন খেলোয়াড় ছিলেন। ক্রীড়ামন্ত্রী নিজেও দেশের স্বনামধন্য ও সাড়া জাগানো সাবেক ফুটবলার। বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আপনাদেরই ভাই।

তিনিও বোঝেন, এই শহরের খেলাধুলা আগের অবস্থানে ফিরিয়ে নিতে না পারলে মাদকের সর্বনাশা বিস্তার থেকে আমাদের সন্তানদের রক্ষা করা যাবে না। তাদেরকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলায় সম্পৃক্ত করার বিকল্প নেই। আমরা যশোরের ক্রীড়াঙ্গনের স্বার্থে ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থকে পরিত্যাগ করব।

প্রধান অতিথি আরও বলেন, যশোর স্টেডিয়ামে একসময় ফুটবল লিগে দর্শক পরিপূর্ণ থাকত। ফুটবলের সেই আমেজ এখন হারিয়ে গেছে। যশোরের গোল্ডকাপে আমি নিজে গ্যালারি টপকে খেলা দেখেছি। ফুটবলের ঐতিহ্য আজ শুধু যশোর নয়, সমগ্র বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে। যশোরের একাধিক খেলোয়াড় একসময় ঢাকার মাঠ কাঁপিয়েছেন, আমি নিজে তাদের খেলা উপভোগ করেছি।

এখন যশোরের কোনো খেলোয়াড়কে নিয়ে আগের মতো আনন্দ-উচ্ছ্বাস হয় না। ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের বিভাজনের কারণে যেন যশোরের খেলাধুলা ক্ষতিগ্রস্ত না হয়। ব্যক্তিগতভাবে একজনের আরেকজনকে পছন্দ নাও হতে পারে, কিন্তু ক্রীড়াঙ্গনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খেলাধুলাকে এগিয়ে নিতে একতাবদ্ধভাবে কাজ করতে হবে। এর আগে কোনো ক্লাবের সদস্য হতে হলে নির্দিষ্ট একটি দলের সমর্থক হতে হতো; আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিক উজ্জামান, ফুটবল প্রশিক্ষক হযরত আলী, আজিজুল ইসলাম শুকুর, সোনালী অতীত ক্লাব যশোরের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, সাবেক ফুটবলার সোহেল আল মামুন নিশাদ, হাফিজুর রহমান, জয় সাহা প্রমুখ।