দুর্নীতির সাথে যুক্তদের কারাগারে পাঠানো হবে : আইনমন্ত্রী

0
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ছবি: সংগৃহীত।

আসিফ কাজল, ঝিনাইদহ ॥ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত হবে তাদের শুধু চাকরিই যাবে এমন নয়, তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে জেল হাজতে নেওয়া হবে। কারণ আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি।

জনগণের জন্য বরাদ্দকৃত টাকা কড়াইগণ্ডায় বুঝে নেওয়া হবে। কেউ যদি এক পয়সা কমিশন বাণিজ্যও করেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।

আইনমন্ত্রী শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সংসদ সদস্য ও জেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মতবিনিময় সভায় সংসদ সদস্য আলী আজম আবু কবর, সংসদ সদস্য মতিয়ার রহমান, সংসদ সদস্য আবু তালেব, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ও পুলিশ সুপার মাহফুজ আফজালসহ জেলায় কর্মরত সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের গাড়াগঞ্জ বাজার থেকে শৈলকুপা পর্যন্ত রাস্তা নির্মাণের মান নিয়ে প্রশ্ন তোলেন ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ওই ঠিকাদারের লাইসেন্স ব্লাকলিস্ট করে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অসৎ ও দুর্নীতিবাজ ঠিকাদার আগামীতে যাতে কোনো কাজের কন্ট্রাক্ট না পায় সে ব্যবস্থাও নেব।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা একটি নির্বাচন পেয়েছি, একটা সরকার পেয়েছি। জুলাই শহীদদের অমর্যাদা হয় বা তাদের আত্মা কষ্ট পায় এমন কোনো কর্মকান্ড এই সরকার বরদাশত করবে না। জুলাই গণঅভ্যুত্থানের আত্মউৎসর্গকারী ও আহতদের অমর্যাদাও মেনে নেওয়া হবে না।

গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা জড়িত তাদের আইনের ফাঁকফোকড় দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নেই। ধর্ষণের মতো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি ও যারা আশ্রয়-প্রশ্রয় দিবেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে। অপরাধীদের রাজনৈতিক সেল্টারের কোনো সুযোগ দেওয়া হবে না।