যশোরে পূর্ণাঙ্গ সিসিইউ ও ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এবং দীর্ঘদিনের বিদ্যমান সংকট নিরসনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

সভার শুরুতে স্বাস্থ্য বিভাগ যশোরের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মতবিনিময়কালে প্রতিমন্ত্রী যশোরের চিকিৎসাসেবার আধুনিকায়নে তিনটি প্রধান বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পূর্ণাঙ্গভাবে চালু করা, কেয়ার ইউনিটের ঊর্ধ্বমুখী লিফট সম্প্রসারণ, ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজ দ্রুত কার্যকর করা এবং কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী চিকিৎসকদের আশ্বস্ত করে বলেন, এসব প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক ও আর্থিক সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। উপস্থিত চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, যশোরের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। সাধারণ মানুষ যেন দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পায়, সে বিষয়ে কোনো শৈথিল্য সহ্য করা হবে না।

সভায় উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এ এইচ এম আহসান হাবিব, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার সাবেক সভাপতি ডা. আবু আহসান লালটু, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নাজমুজ সাদিকসহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।