গেজেট প্রকাশ: ত্রয়োদশ সংসদের পথচলা শুরু; সোমবার বা মঙ্গলবার শপথ

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত গেজেট প্রকাশিত। ২৯৭ জন বিজয়ীর নাম ও গণভোটের ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দিল ইসি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের নাম ও ঠিকানা উল্লেখ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার রাতে কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই গেজেট জারি করেন। গেজেট প্রকাশের মধ্য দিয়ে নতুন সংসদ গঠন ও পরবর্তী সরকার গঠনের আইনি প্রক্রিয়া চূড়ান্ত ধাপে প্রবেশ করল।

নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। শরিক দলগুলোর ৩টি আসনসহ তাদের মোট আসন সংখ্যা ২১২। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি এবং তাদের শরিকরা ৯টি আসনে জয়লাভ করেছে। আইনি জটিলতার কারণে চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল স্থগিত থাকলেও সেখানে বিএনপির প্রার্থীরাই এগিয়ে রয়েছেন।

একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের গেজেটও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন ভোটার ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ‘জুলাই সনদ’ অনুমোদন করেছেন। অন্যদিকে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানিয়েছে, আগামী সোমবার বা মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই শপথ পাঠ করাবেন এবং একই দিনে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিতে পারেন।