সাংবাদিক কল্যাণ ট্রাস্টের শিক্ষাবৃত্তি ও সহায়তার চেক প্রদান যশোরে

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা যে বিষয়গুলো প্রত্যক্ষ করেছি, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে তার পুনরাবৃত্তি চাই না। এই পরিবর্তন তৈরি করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা যারা ফ্যাসিস্ট আমলে ভুক্তভোগী ছিলাম, সমাজে পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপনের দায়িত্বটি আমাদেরকেই নিশ্চিত করতে হবে।

শনিবার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট রেজিমের শেষে দেশে একটি গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার যেন জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে পারে, সেজন্য নিজের জায়গা থেকে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করি।

যারা বিগত দেড় যুগে লিখতে পারেননি, তাদের অনেকের মধ্যে এখন অতি বিপ্লবী আচরণ লক্ষ্য করছি। তাদের বিনয়ের সাথে বলতে চাই, সরকারকে সহযোগিতা করা মানে জনগণকে সহযোগিতা করা। অবশ্যই সরকারের কাজে ভুল থাকবে, সেটি আপনারা শুধরে দেবেন এবং সরকারের সমালোচনা গঠনমূলক হবে বলেই প্রত্যাশা করি। বিতর্ক তৈরির অভিপ্রায়ে খণ্ডিত তথ্য উপস্থাপন করবেন না। আপনারা আমাদের আপনজন।

কোনো কারণে কোনো ব্যক্তির সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে, কিন্তু সেটিকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দল কিংবা সরকারকে বিবেকের কাঠগড়ায় তুলবেন না, এইটুকু দায়িত্বশীলতা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। প্রেসক্লাব যশোর এমন কোনো কল্যাণ তহবিল তৈরির উদ্যোগ নিলে ব্যক্তিগতভাবে বা সরকারের অংশ হিসেবে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করব। এসময় তিনি সাংবাদিকদের মধ্যে কোনো বিভেদ না রাখার আহ্বান জানান।

শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা হবে। চতুর্থ শ্রেণি থেকে প্রত্যেক শিক্ষার্থীর জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি শিশুদের জন্য তৃতীয় একটি ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে। এছাড়া যারা কোনো কারণে সাধারণ শিক্ষা গ্রহণ করতে পারবে না, তাদের কারিগরি শিক্ষার মাধ্যমে উপযুক্ত করে তোলা হবে; যাতে তারা দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। বর্তমান সরকার মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা ব্যবস্থা অবৈতনিক বা ফ্রি করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর চেয়ারম্যান এম আব্দুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি রাষ্ট্রক্ষমতায় না আসতেন তাহলে দেশের সংবাদ মাধ্যমের এই বিকাশ সাধিত হতো না। তার সহধর্মিনী বেগম খালেদা জিয়াও ক্ষমতায় এসে বারবার সাংবাদিকদের কল্যাণে কাজ করেছেন।

সভায় সভাপতিত্ব করেন, যশোরের জেলা প্রশাসক আশেক হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক আহসান কবীর প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। অনুষ্ঠানে যশোর, মাগুরা কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা ও তাদের ছেলে মেয়েদের শিক্ষাবৃত্তি বাবদ ২৭ লাখ টাকা প্রদান করা হয়।