যশোরে মহিলা লীগ নেত্রী মহুয়া গ্রেফতার

0
মহিলালীগ নেত্রী মহুয়া
স্টাফ রিপোর্টার ॥ যশোরে আওয়ামী মহিলা লীগের আলোচিত নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার বিকেলে যশোর শহরের পালবাড়ি গাজীরঘাট রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি মৃত সোহরাব আলী খানের মেয়ে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের  ৪ আগস্ট জেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এই ঘটনার সঙ্গে নাসিমা সুলতানা মহুয়ার সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকে ওই মামলায় আটক দেখানো হয়েছে। গতকাল সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার হওয়া নাসিমা সুলতানা মহুয়া নিজেকে আওয়ামী মহিলা লীগের নেত্রী হিসেবে পরিচয় দিলেও দলে তার কোনো পদ নেই বলে জানা গেছে। তিনি একসময় যশোর জেলা পরিষদ সদস্য প্রার্থী ছিলেন এবং বিগত জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

তবে, এক পুলিশের ইনসপেক্টরের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করার পর তিনি ব্যাপক আলোচনায় আসেন।