তফসিল ঘোষণা কবে, এখনো ঠিক হয়নি: ইসি সচিব

0
ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নির্বাচন আয়োজনের প্রস্তুতি পুরো মাত্রায় থাকলেও তফসিল কবে ঘোষণা হবে- সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে এক কর্মশালায় ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। সেই পরিকল্পনার আলোকে ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আগে জানিয়েছিলেন যে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে।

এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে একসাথে গণভোটও অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় বৈঠক করেছে কমিশন। এতে জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

তফসিল ঘোষণার প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশন এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারে নাই।’

তবে নির্বাচন আয়োজনে ইসি পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে দাবি করেন তিনি। নির্বাচন নিয়ে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করি, সঠিক তথ্যটা দেন…নিশ্চয়ই নির্বাচনের ব্যাপারে জোর প্রস্তুতি চলছে।’