যশোরে মোবাইল ফোনসেটসহ তিন ছিনতাইকারী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বিরামপুর থেকে শনিবার রাতে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোনসেট ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি অ্যাপাচি ফোর-ভি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটকরা হলেন, বিরামপুর পশ্চিম পাড়ার জাহিদ খানের ছেলে আকাশ খান (২৪), মৃত আব্দুল কাদেরের ছেলে আমিনুর রহমান (২৭) ও বিরামপুর হাফেজ পাড়ার রফিকুল ইসলামের ছেলে জিসান খান (২০)।

কোতয়ালি থানা পুলিশের ওসি আবুল হাসনাত খান জানান, সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের চণ্ডিদাসের ছেলে দেবদাস শহরের কুইন্স হসপিটালে চাকরি করেন। গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে পুরাতন কসবা কাঁঠালতলার জনৈক তোতার গ্যারেজের সামনে যান।

এ সময় তিনি সেখানে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এরই মধ্যে মোটরসাইকেলে ৩ ছিনতাইকারী চলন্ত অবস্থায় আচমকা তার কাছ থেকে মোবাইল ফোনসেট ছিনতাই করে চম্পট দেয়। এ ঘটনায় দেবদাস কোতয়ালি থানায় একটি জিডি করেন।

তথ্য প্রযুক্তির সাহায্যে ওই জিডির সূত্র ধরে গত শনিবার রাতে থানার এসআই আব্দুল্লাহ আল মামুন বিরামপুরে অভিযান চালিয়ে প্রথমে আকাশ খানকে আটক করেন। এ সময় তার কাছ থেকে দেবদাসের ছিনতাই হওয়া স্পার্ক-৬ মোবাইল ফোনসেট এবং ছিনতাই কাজে ব্যবহৃত অ্যাপাচি ফোর-ভি মোটরসাইকেলটি জব্দকরা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী জিসান খান ও আমিনুর রহমানকে আটক করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী দেবদাস কোতয়ালি থানায় মামলা করেছেন। পরে রোববার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মামুন আটক ৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।