বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে ভারতের ডেপুটি হাইকমিশনার

0

বেনাপোল সংবাদদাতা ॥ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পাওন কুমার তুলসি দাস বাদে ও দ্বিতীয় সেক্রেটারি গৌরব কুমার আগারওয়াল বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা এ বন্দর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন রেজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল ঘুরে দেখেন। এ সময় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমের উন্নয়ন, সীমান্ত বাণিজ্যের সুষ্ঠু প্রবাহ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। পরিদর্শন শেষে ডেপুটি হাইকমিশনার ও দ্বিতীয় সেক্রেটারি বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশ করেন।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন রেজা বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার ও দ্বিতীয় সেক্রেটারি ভারতে যাওয়ার পথে বেনাপোল স্থলবন্দরে সৌজন্য পরিদর্শন করেন। তারা নবনির্মিত কার্গো টার্মিনাল দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে বেনাপোল স্থলবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।