দামুড়হুদায় বিজিবির ধাওয়ায় ফেলে যাওয়া মোটরসাইকেল থেকে ৯ কেজি রুপা উদ্ধার

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী জগন্নাথপুর গ্রামে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ প্রায় ৯ কেজি ভারতীয় দানাদার রুপা উদ্ধার করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলী শনিবার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান গোপন সংবাদে এ তথ্য জানতে পারেন। পরে বিজিবির একটি দল ভোর সাড়ে ৫টায় অবস্থান নেয়।

ওই সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে মোটরসাইকেলে ভারত সীমান্তের দিকে যেতে দেখে বিজিবির টহলদল তাদেরকে থামার জন্য বললেও তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে বিজিবি টহলদল তাদের পিছু ধাওয়া করলে তারা মোটরসাইকেলটি ফেলে পাশের পাট ক্ষেতের মধ্যে পালিয়ে যায়। টহলদল চোরাকারবারীর ফেলে যাওয়া মোটরসাইলেটি জব্দ করে।

 

জব্দকরা মোটরসাইকেলটি তল্লাশি করে তার ভেতরে লুকিয়ে রাখা ৮ কেজি ৯০০ গ্রাম ওজনের ভারতীয় দানাদার রূপা উদ্ধার করা হয়। উদ্ধর করা রূপাসহ মোটরসাইকেলটির আনুমানিক তালিকা মূল্য ২১ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় জিডি করে ভারতীয় দানাদার রুপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।